রিল বানানোর নেশায় ভয়ংকর কাণ্ড! নাবালককে জোর করে পেট্রোল খাইয়ে গায়ে আগুন যুবকদের
দক্ষিণ কলকাতার গড়ফার নেলিনগর এলাকায় সোশ্যাল মিডিয়ায় রিল তৈরির নামে এক নাবালকের উপর নৃশংস অত্যাচারের ঘটনা সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, গত ২৭ অক্টোবর স্থানীয় একটি পুকুরের কাছে যাদবপুরের বাসিন্দা ওই নাবালকের চোখ বেঁধে ও মাথায় হেলমেট পরিয়ে মারধর করা হয়। এখানেই শেষ নয়, তাকে জোর করে পেট্রোল খাওয়ানোর চেষ্টার পাশাপাশি শরীরে পেট্রোল ঢেলে দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোনোক্রমে গায়ের জ্বলন্ত পোশাক খুলে দৌড়ে পালিয়ে নিজের প্রাণ বাঁচায় আক্রান্ত নাবালক। পরে স্থানীয় বাসিন্দারা এসে খবর দিলে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তদন্তে প্রকাশ, রিল বানিয়ে ভিডিও ভাইরাল করার উদ্দেশ্যে অপর এক নাবালক পুরো ঘটনাটি মোবাইলে শুট করছিল। এমনকি ঘটনা ঢাকতে নাবালককে ভুল শেখানোর চেষ্টা করা হয়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্তে নামে। এই ঘটনায় মূল অভিযুক্ত অর্ঘ্য সাহা-সহ মোট চারজনকে পুলিশ গ্রেফতার করেছে, যার মধ্যে দুজন নাবালকও রয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।