কলকাতা পুরভোট স্থগিতের বড় নির্দেশ হাইকোর্টের! ডিলিমিটেশন না মেটা পর্যন্ত বন্ধ নির্বাচন
কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ না দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা আপিল মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়। ফলে আপাতত কলকাতা পুরসভার ভোট হচ্ছে না বলেই মনে করা হচ্ছে।
মামলাটির মূল উৎস ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিরোধীদের ওঠা অভিযোগ। পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেন সিপিএমের দীপু দাস। সিঙ্গল বেঞ্চ দুই পক্ষের কাছে হলফনামা চেয়েছিল, তবে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। এর ফলে ভোট হয়ে যেতে পারে এই আশঙ্কায় মামলাকারী ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, আগে ডিলিমিটেশন সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে, তারপরই ভোটের দিন ঘোষণা সম্ভব।