এক ধাক্কায় বাসভাড়া ২০ টাকা, মাথায় হাত সাধারণ যাত্রীদের!
বার্তা ডেস্কঃ
বাস ভাড়া বৃদ্ধির মেগা প্রস্তাব: কলকাতায় ন্যূনতম ১৮ টাকা করার দাবি বাস সিন্ডিকেটের
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: লাগাতার মূল্যবৃদ্ধি এবং আনুষঙ্গিক খরচ সামলাতে হিমশিম খাচ্ছে বেসরকারি বাস পরিবহণ শিল্প। এই পরিস্থিতিতে কলকাতা ও তৎসংলগ্ন মহানগরে বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকা এবং জেলায় ন্যূনতম ২০ টাকা করার দাবি জানিয়ে রাজ্য সরকারের কাছে মেগা প্রস্তাব পেশ করেছে ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট’।
সম্প্রতি কর্ণাটক সরকার তাদের সরকারি বাস পরিষেবার ভাড়া উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। বেঙ্গালুরুতে লোকাল বাসের ন্যূনতম ভাড়া ৬ টাকা থেকে বেড়ে ১০ টাকা হয়েছে। পার্শ্ববর্তী রাজ্যে ভাড়া বৃদ্ধির এই ঘটনা পশ্চিমবঙ্গেও বাস ভাড়া পর্যালোচনার দাবিকে নতুন করে উসকে দিয়েছে।
জয়েন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “২০১৮ সালের পর থেকে বাসের ভাড়া কার্যত অপরিবর্তিত। কোভিড পরবর্তী সময়ে যন্ত্রাংশ ও জ্বালানির দাম যে হারে বেড়েছে, তাতে এই শিল্প টিকিয়ে রাখা আসাম্ভব। প্রতি বছর ১ টাকা করে ভাড়া বাড়ালেও আজ ন্যূনতম ভাড়া ১৬-১৮ টাকায় পৌঁছাত। লক্ষাধিক কর্মী ও তাঁদের পরিবারের রুটিরুজির স্বার্থেই এই সিদ্ধান্ত প্রয়োজন।”
প্রস্তাবিত নতুন ভাড়ার তালিকা:
পরিবহণমন্ত্রীকে পাঠানো চিঠিতে দূরত্ব অনুযায়ী নতুন ভাড়ার যে কাঠামো প্রস্তাব করা হয়েছে তা নিম্নরূপ:
- শহর ও শহরতলি: ০-৪ কিমি ১৮ টাকা, ৪-৮ কিমি ২০-২২ টাকা, ৮-১২ কিমি ২৪ টাকা এবং ১৬-২২ কিমি ২৮-৩০ টাকা।
- জেলার সাধারণ বাস: প্রথম ৪ কিমি ২০ টাকা, এরপর প্রতি অতিরিক্ত কিমির জন্য ১.২০ টাকা।
- জেলার এক্সপ্রেস বাস: প্রথম ৪ কিমি ২৫ টাকা।
- এসি ও ভলভো বাস: এসি বাসে প্রথম ৪ কিমি ৪০ টাকা এবং ভলভো বাসে প্রথম ২ কিমি ৫০ টাকা।
তবে এই প্রস্তাব নিয়ে বাস মালিক সংগঠনগুলোর মধ্যেই মতপার্থক্য দেখা দিয়েছে। ‘অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি’ এবং ‘উত্তরবঙ্গ বাস ব্যবসায়ী সমিতি’র মতো সংগঠনগুলোর দাবি, কোনো একটি নির্দিষ্ট সংগঠনের একতরফা ভাড়ার তালিকা প্রকাশে যাত্রীদের মধ্যে অযথা আতঙ্ক ছড়ায়। তাদের মতে, সরকারি স্তরে খরচের অডিট রিপোর্ট খতিয়ে দেখে তবেই একটি গ্রহণযোগ্য সমাধানসূত্রে আসা উচিত।
এদিকে, নিত্যযাত্রীদের মধ্যে এই প্রস্তাব নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এমনিতেই বহু রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। তার ওপর এক ধাক্কায় ভাড়া এতখানি বাড়লে সাধারণ মানুষের পকেটে যে বড় টান পড়বে, তা বলাই বাহুল্য।
বর্তমানে রাজ্য সরকার এক জটিল পরিস্থিতির মুখোমুখি। একদিকে বাস মালিকদের ব্যবসা টিকিয়ে রাখার দায়, অন্যদিকে মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত বোঝা না চাপানোর চ্যালেঞ্জ। এখন রাজ্য সরকার সমস্ত দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর সব মহলের।