দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির হাতছানি, ৪ ডিগ্রি নামছে তাপমাত্রা!
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, রাজ্যজুড়ে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদন: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও আগামী সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই, মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় এই আবহাওয়া বজায় থাকতে পারে। এরপর ফের শুষ্ক আবহাওয়ায় ফিরবে দুই বঙ্গ।
অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা—দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে নতুন সপ্তাহের শুরুতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত হ্রাস পাওয়ার পূর্বাভাস রয়েছে। এরপর তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত রাজ্যের সর্বত্র সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।