দীপাবলির আগেই শিলিগুড়িতে ভেস্তে গেল কোটি টাকার মাদক পাচার চক্র, যৌথ অভিযানে ধৃত ৩!
পিসি মিত্তল বাস টার্মিনাস এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে প্রায় ২ কেজি ব্রাউন সুগার-সহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ। ধৃত মহম্মদ আলি রমজান, শরীফুল ইসলাম ও রবিউল মিয়া মালদহের কালিয়াচক ও বৈষ্ণবনগরের বাসিন্দা। বাজেয়াপ্ত হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। এর আগে রামঘাট সেতু, বাগডোগরা ও মাটিগাড়া এলাকা থেকেও ব্রাউন সুগার-সহ একাধিক পাচারকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। একের পর এক মাদক উদ্ধারের ঘটনায় কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।
উত্তরবঙ্গ, পার্শ্ববর্তী রাজ্য ও প্রতিবেশী দেশে মাদক পাচারের জন্য শিলিগুড়িকে ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই সুসংগঠিত চক্রের মূল পাণ্ডাদের শনাক্ত করা ও অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে তাদের এই ধারাবাহিক অভিযান জারি থাকবে।