পুরভোট স্থগিত হতেই বড় ঘোষণা! ওয়ার্ড পরিচালনায় এবার কো-অর্ডিনেটর নিয়োগের সিদ্ধান্ত
কলকাতা ও হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার জেরে হাইকোর্টের নির্দেশে পুরভোট স্থগিত হয়ে যাওয়ায় নাগরিক পরিষেবা সচল রাখতে বিকল্প ব্যবস্থার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বউবাজারে এক অনুষ্ঠানে এসে তিনি জানান, আগামী ৩০ নভেম্বরের পর কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডেই আইন মেনে কো-অর্ডিনেটর বা সমন্বয়ক নিয়োগ করা হবে, যাঁদের ক্ষমতা নির্বাচিত কাউন্সিলরদের সমতুল্য হবে। বিরোধী সিপিএমের দায়ের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আসন পুনর্বিন্যাসের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের নির্ঘণ্ট ঘোষণায় স্থগিতাদেশ দেওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিরোধীদের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, নির্বাচন আটকে নাগরিক পরিষেবা ব্যাহত করতেই আদালতে মামলা করা হয়েছে। তিনি স্পষ্ট জানান, পুর আইন মেনেই প্রশাসকের অধীনে এই কো-অর্ডিনেটরদের নিয়োগ করা হবে যাতে শহরবাসী নিরবচ্ছিন্ন নাগরিক সুবিধা পান। জাতীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৬ জানুয়ারি প্রকাশের কথা থাকায়, হাইকোর্টের নির্দেশ ও আইনি জটিলতা কাটিয়ে নতুন বছরের আগে পুরভোট হওয়ার সম্ভাবনা আপাতত কম বলে মনে করছেন আইনজ্ঞরা।