‘ধন্যবাদ মাই লর্ড!’, নীরব দর্শকের ভূমিকা নিয়ে এবার বিস্ফোরক অভিষেক!

 

সাংসদের বাড়িতে হামলার অভিযোগ, বিচারব্যবস্থাকে তোপ অভিষেকের

কলকাতা: নিজের জন্মদিনের মধ্যরাতে তৃণমূল সাংসদ অভিষেকের বাসভবনে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিচারব্যবস্থাকেও তীব্র আক্রমণ করেছেন তিনি।

অভিষেকের অভিযোগ, শুক্রবার মধ্যরাতে তাঁর বাড়ির বাইরে সন্দেহভাজন কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পুলিশ বলে দাবি করে। সাংসদের প্রশ্ন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর নজরদারি চালানোর অনুমতি কে দিয়েছে? এ বিষয়ে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

অভিষেক জানান, শুক্রবার রাতে যখন তাঁর সমর্থকরা জন্মদিন পালনের জন্য উপস্থিত ছিলেন, তখন বিজেপি কর্মীরা সেখানে ‘চোর’ স্লোগান দিয়ে ব্যানার ছিঁড়ে ফেলে। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সাংসদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই বিজেপির দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায়। ঘটনার একটি ভিডিও ক্লিপও তিনি সমাজমাধ্যমে পোস্ট করেছেন।

সাংসদের দাবি, গত ছয় মাসে এই নিয়ে সাতবার তাঁর ওপর প্রাণনাশের চেষ্টা হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি লিখেছেন, “সংসদের একজন সদস্যের সঙ্গেই যদি এমনটা ঘটে, তবে সাধারণ মানুষের দুর্দশা সহজেই অনুমেয়।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিষেক সরাসরি দেশের বিচারব্যবস্থার সমালোচনা করেন। তিনি কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টকে উদ্দেশ্য করে লেখেন, “এই ঘটনায় নীরব দর্শক হয়ে থাকার জন্য ধন্যবাদ।” তাঁর মতে, বিচার বিভাগ চোখ বন্ধ করে রাখায় দুষ্কৃতীরা রাজ্যে তাণ্ডব চালানোর সাহস পাচ্ছে।

উল্লেখ্য, অতীতেও একাধিকবার বিচারব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছেন এই তৃণমূল সাংসদ। ২০২২ সালে হলদিয়ার সভায় বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে ‘তল্পিবাহক’ হিসেবে কাজ করার অভিযোগ তুলেছিলেন তিনি। ২০২৩ সালে তৎকালীন বিচারপতি রাজাশেখর মান্থার বিভিন্ন রায় নিয়েও তিনি প্রকাশ্য জনসভায় তীব্র আক্রমণ করেছিলেন। এবার জন্মদিনের রাতে ঘটা সংঘর্ষের প্রেক্ষিতে ফের একবার সুপ্রিম কোর্ট ও হাইকোর্টকে কাঠগড়ায় দাঁড় করালেন সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *