সেমিকন ২.০: চিপ উৎপাদনে নতুন উচ্চতায় ভারত!
ইলেকট্রনিক্স উৎপাদনে বড় উদ্যোগ: ১২টি নতুন প্রকল্পের অনুমোদন ও সেমিকন ২.০ পোর্টালের সূচনা
নিজস্ব প্রতিবেদক: ‘আত্মনির্ভর ভারত’ গড়ার লক্ষ্যকে আরও গতিশীল করতে ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম (ECMS)-এর আওতায় ১২টি নতুন সংস্থাকে বিনিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পগুলোতে প্রায় ৭,৫০৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে, যা থেকে ভবিষ্যতে ৩৯,০৪৫ কোটি টাকার উৎপাদন এবং ৭,১২৭টি প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন ক্ষেত্র এখন কেবল যন্ত্রাংশ জোড়া দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। ব্যাটারি সেল, কপার ফয়েল, প্রিন্টেড সার্কিট বোর্ড (PCB)-এর মতো গুরুত্বপূর্ণ উপকরণের উৎপাদনেও দেশীয় সক্ষমতা বাড়ছে। অনুমোদিত ১২টি নতুন প্রকল্প গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে বাস্তবায়িত হবে। সেখানে মাল্টি-লেয়ার পিসিবি, রিলে, হিট সিঙ্ক, বিশেষ সিরামিক এবং ব্যাটারির অ্যানোড-ক্যাথোড উপকরণ উৎপাদন করা হবে।
একইসঙ্গে ভারতকে আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘সেমিকন ২.০’ (Semicon 2.0) পোর্টাল। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে ১,২৭,৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই নতুন পোর্টালের মাধ্যমে চিপ ডিজাইন, উন্নত যন্ত্রপাতি, কাঁচামাল, নতুন ফ্যাব ইউনিট এবং গবেষণা ও দক্ষ কর্মী তৈরির প্রকল্পগুলোতে আবেদন করা যাবে।
উল্লেখ্য, সেমিকন ইন্ডিয়া প্রকল্পের প্রথম পর্যায়ে ছয়টি রাজ্যে ১২টি প্রকল্পে ১.৬৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ অনুমোদিত হয়েছিল। এর মধ্যে পাঁচটি প্রকল্পে ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। এছাড়া ৭০ হাজার পড়ুয়াকে চিপ তৈরির প্রশিক্ষণ এবং ১০৫টি স্টার্টআপকে ইডিএ (EDA) টুলস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ECMS প্রকল্পের অধীনে এখন পর্যন্ত ১৬টি রাজ্যে ১১৮টি আবেদন অনুমোদিত হয়েছে। এর ফলে মোট ৭৭,০৫১ কোটি টাকা বিনিয়োগের পাশাপাশি ৫,৭৩,১৪৬ কোটি টাকার উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে, যা ৮১,৭৫৫ জনের কর্মসংস্থানের পথ প্রশস্ত করবে। বিদেশ থেকে আমদানির নির্ভরতা কমিয়ে দেশেই পূর্ণাঙ্গ ইলেকট্রনিক্স উৎপাদন পরিকাঠামো গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।