ভিআইপি প্রোটোকল ছাড়াই কামাখ্যায় অরিজিৎ, সাধারণ ভক্তের মতো করলেন পুজো!
কামাখ্যা মন্দিরে সাধারণ ভক্তের বেশে অরিজিৎ সিং
উত্তর-পূর্ব ভারত সফরের অঙ্গ হিসেবে সপরিবারে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। কোনো ভিআইপি প্রোটোকল ছাড়াই তিনি একজন সাধারণ পুণ্যার্থীর মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন। মন্দিরের বাইরের দোকান থেকে পুজোর সামগ্রী কিনে সাধারণ মানুষের সঙ্গে তাঁর এই সাবলীল আচরণ উপস্থিত ভক্তদের মুগ্ধ করেছে। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা ক্যামেরাবন্দি করতে ভিড় জমান।
এর আগে ডিমাপুর যাওয়ার পথে কার্বি আংলং জেলায় কর্তব্যরত পুলিশকর্মী ও স্থানীয়দের সঙ্গে তাঁকে হাসি মুখে সৌজন্য বিনিময় করতে দেখা যায়। শিল্পীর এই মাটির মানুষ সুলভ আচরণ নেটদুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে সপরিবারে উত্তর-পূর্ব ভারত ভ্রমণে থাকা অরিজিতের এই সহজ-সরল জীবনযাপন ও বিনম্র মনোভাব সাধারণ মানুষের নজর কেড়েছে।