সিনে আমার নাতির এন্ট্রি, শিশিরের সিদ্ধান্তে তোলপাড়!

 

নতুন প্রজন্মের হাতে পুজোর দায়িত্বভার তুলে দিলেন শিশির অধিকারী

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: দীর্ঘদিনের প্রথা মেনে এবারও কাঁথির মা ভবতারিণী মন্দিরে কালীপুজোর আয়োজন করা হয়েছে। তবে প্রতিবারের মতো এবার আর পুজোয় সংকল্প করতে দেখা যায়নি কাঁথির প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীকে। তাঁর বদলে এবার সংকল্প করেছেন শিশির অধিকারীর নাতি তথা শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী।

কালীপুজোর আগের দিন মন্দিরে উপস্থিত হয়ে শিশির অধিকারী জানান, দীর্ঘ বছর ধরে তিনি এই ব্রত পালন করে আসছেন। কিন্তু বার্ধক্যজনিত কারণে এবার থেকে তিনি এই দায়িত্ব নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চান। তিনি বলেন, “আমি বহু বছর ধরে ব্রতী ও সংকল্পে থাকতাম। এখন আর পারি না, তাই আমার নাতি এবার পুজোয় সংকল্প করেছে। আগামী প্রজন্মের কাছে ধর্মের শিক্ষার পাঠ দেওয়া প্রয়োজন।”

এদিন শক্তির আরাধনা প্রসঙ্গে শিশির অধিকারী বলেন, “কালি হলেন পাপহারিণী। ভৈরব রূপ ধরে তিনি সমাজে থাকা সমস্ত অশুভ শক্তির বিনাশ করেন।” একইসঙ্গে সাম্প্রতিক নারী নির্যাতন প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজ্যে নারী নিরাপত্তার পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, “রাজ্যে একের পর এক নৃশংস ঘটনা ঘটছে। মেয়েদের গায়ে হাত দেওয়া কোনোভাবেই বরদাস্ত করা যায় না। যারা এমন অপরাধ করছে, তাদের কঠিন শাস্তি হওয়া প্রয়োজন।”

পুজোর আয়োজনে এদিন দেবদীপের পাশে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। শিশির অধিকারীর এই সিদ্ধান্তের মাধ্যমে অধিকারী পরিবারের দীর্ঘদিনের পুজোর প্রথা নতুন প্রজন্মের হাতে স্থানান্তরিত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *