সরকারি প্রকল্পের টাকা পেতে বাধ্যতামূলক ভোটার কার্ড! বড় ঘোষণা মন্ত্রীর

 

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ডের গুরুত্ব বাড়ানোর ইঙ্গিত কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এবার ভোটার কার্ডের গুরুত্ব বাড়ানোর ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং। সম্প্রতি মন্ত্রকের এক অনুষ্ঠানে তিনি জানান, উপভোক্তাদের পরিচয় নিশ্চিত করতে ভোটার কার্ডের এপিক (EPIC) নম্বর এবং বায়োমেট্রিক তথ্য ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে সরকার।

বর্তমানে অধিকাংশ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা ডিবিটি (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার বাধ্যতামূলক। তবে রাজীব রঞ্জন সিংয়ের মতে, দেশের প্রায় সর্বত্র আধার কার্ড তৈরির ব্যবস্থা সহজলভ্য হওয়ায়, উপভোক্তাদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আরও বিকল্প পদ্ধতির প্রয়োজন রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার প্রক্রিয়ায় ভোটার কার্ডের এপিক নম্বর এবং বায়োমেট্রিক তথ্যকে ভিত্তি হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

পিএম কিষাণ যোজনা এবং ভিবি জি রাম জি-সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা বর্তমানে ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছায়। মন্ত্রীর এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ভবিষ্যতে এই প্রকল্পগুলির টাকা পাওয়ার নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে?

যদিও কোন কোন প্রকল্পের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কিংবা কবে থেকে তা লাগু হতে পারে, সে বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্টভাবে কিছু জানাননি। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘকাল ধরে আধার কার্ডই প্রধান নথির ভূমিকা পালন করে এসেছে। এখন ভোটার কার্ডের গুরুত্ব বাড়লে পুরো প্রক্রিয়াটিতে কী ধরনের পরিবর্তন আসে, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *