বন্দে ভারত স্লিপারে দারুণ উদ্যোগ! পোষ্যকে সঙ্গে নিয়ে সফরের অভাবনীয় সুযোগ দিল ভারতীয় রেল
এবার প্রিয় পোষ্যকে বাড়িতে ফেলে রেখে যাওয়ার চিন্তা থেকে মুক্তি পেতে চলেছেন পোষ্যপ্রেমীরা। ভারতীয় রেলের নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে পোষা প্রাণীদের সফরের জন্য এক বিশেষ বক্সের ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেনের ভেতরেই তৈরি করা হয়েছে পৃথক খাঁচার মতো সুরক্ষিত ঘেরা জায়গা, যেখানে দরজা বন্ধের খিলসহ খাবার ও জল রাখার বিশেষ পাত্রও রয়েছে। রাতে যাতায়াতের সময় পোষ্যদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতেই এই ব্যবস্থা আনা হয়েছে। তবে রেলের সরকারি নথিতে বিশেষভাবে কুকুরের বাক্সের উল্লেখ থাকায় অন্য ছোট পোষ্যের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে কি না, তা নিয়ে স্পষ্টতা প্রয়োজন।
বর্তমানে ভারতীয় রেলে কেবল ফার্স্ট এসি বা ব্রেক ভ্যানের ডগ বক্সে পোষ্য নিয়ে যাওয়ার অনুমতি থাকলেও এসি ২-টায়ার, ৩-টায়ার কিংবা সাধারণ কোচে তা নিষিদ্ধ। বন্দে ভারতের এই নতুন উদ্যোগে যাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় বন্দোবস্ত থাকলেও ভ্রমণের সময়ে পোষ্যের পরিচর্যা ও খাদ্যের মূল দায়িত্ব মালিককেই পালন করতে হবে। ট্রেন সফরের সময় ডগ বক্সের ক্ষেত্রে ৩০ কেজি এবং ফার্স্ট ক্লাসের কামরায় কুকুরের জন্য ৬০ কেজি ওজনের সমপরিমাণ মাশুল ধার্য করে রেল কর্তৃপক্ষ। ভারতীয় রেলের এই আধুনিক পদক্ষেপে দীর্ঘ দূরত্বের যাত্রায় পোষ্য মালিকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে।