শব্দবাজির তাণ্ডব দূর করে অসুখ! বিধায়কের দাবি উড়িয়ে কটাক্ষের তীর ছুড়লেন দেবজ্যোতি
কালীপুজোর রাতে প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলা শব্দদানবের তাণ্ডব নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এর মধ্যেই বিধায়ক পাপিয়া অধিকারীর অদ্ভূত দাবি সামনে এসেছে, যেখানে তিনি বলেছেন যে বাজি ফাটালে নাকি বহু অসুখ-বিসুখ চলে যায়। তাঁর এই বিতর্কিত মন্তব্য ঘিরে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। এই প্রেক্ষাপটে বিধায়ককে তীব্র কটাক্ষ করে পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার দেবজ্যোতি মিশ্র।
সোশাল মিডিয়ায় দেবজ্যোতি লেখেন, পাপিয়া অধিকারীর এই দাবির পর কিছু ছোটখাটো বিষয় পরিষ্কার হওয়া দরকার— যেমন কোন রোগে কত পটকা এবং তা খাওয়ার আগে না পরে সেবনীয়। পাশাপাশি, অগ্নিমিত্রা পালের জলদূষণ রোধের আশ্বাস প্রসঙ্গ টেনে তিনি তীর্যক মন্তব্য করেন যে জলের কোনও মাইক্রোফোনে দেওয়া আশ্বাসে সাফাই হয় না, বরং কাজের লোক ও বাস্তব পদক্ষেপ প্রয়োজন। জনপ্রিয় মুখগুলির দায়িত্বশীল আচরণের পক্ষে সওয়াল করে তিনি জানান, তারকাদের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অনেক সময় বেপরোয়া আচরণের লাইসেন্স হয়ে দাঁড়ায়।