কলকাতায় দীপাবলির রাতে পুলিশের কড়া নজরদারি! নিষিদ্ধ বাজি ও বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার ৫৯২ জন
দীপাবলির রাতে শহর কলকাতায় যথেচ্ছ শব্দবাজি ফাটানো এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোট ৫৯২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এর মধ্যে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ২০৫ জন এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের কাছ থেকে মোট ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি এবং ৬ লিটার বেআইনি মদ উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতভর শহরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি পিকেট ও কঠোর নজরদারি চালানো হয়েছিল।
অন্যদিকে, কালীপুজোর রাতে নিয়ম ভেঙে গাড়ি চালানোর অপরাধে মোট ৫৯৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে হেলমেট না পরে বাইক চালানোর জন্য ৪৫৪ জন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য ৭৫ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬৪ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবের রাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ সক্রিয় ছিল।