বোমাতঙ্কের হুমকি উপেক্ষা করেই ভক্তদের মাঝে অমিতাভ!

 

ভক্তদের সামনে সশরীরে অমিতাভ বচ্চন, ক্ষমা চাইলেন চিঠি লিখতে না পারায়

মুম্বাই: দীর্ঘদিনের প্রথা মেনে দীপাবলির পর ভক্তদের সরাসরি দর্শন দিলেন অমিতাভ বচ্চন। তবে এবার দর্শনের পাশাপাশি অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। মূলত দীপাবলিতে প্রাপ্ত উপহারের জন্য ভক্তদের ব্যক্তিগতভাবে হাতে চিঠি লিখে ধন্যবাদ জানাতে না পারায় এই ক্ষমাপ্রার্থনা করেছেন এই প্রবীণ অভিনেতা।

সম্প্রতি অমিতাভ বচ্চনের হাতে তীব্র ব্যথা অনুভূত হওয়ায় তিনি কলম ধরার অবস্থায় নেই। অভিনেতা জানিয়েছেন, দীপাবলি উপলক্ষে দেশ-বিদেশ থেকে অসংখ্য উপহার পেয়েছেন তিনি। প্রতিটি উপহারের কদর করা এবং প্রেরককে কৃতজ্ঞতা জানানো তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন। সেই অনুযায়ী সবাইকে হাতে চিঠি লিখে ধন্যবাদ জানানোর পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই কাজে বিলম্ব হওয়ায় ভক্তদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করেছেন বিগ বি।

উল্লেখ্য, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অমিতাভ বর্তমানে বিশ্রামে রয়েছেন এবং সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকছেন। এর মধ্যেই গত শুক্রবার অমিতাভের বাসভবন ‘জলসা’সহ মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। যদিও পরবর্তীতে পুলিশের তদন্তে তা ভুয়ো বলে প্রমাণিত হয়। নিরাপত্তা নিয়ে এই উত্তেজনার আবহে অনেকেই আশঙ্কা করেছিলেন, এবার হয়তো তিনি ভক্তদের থেকে দূরত্ব বজায় রাখবেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কোনো কাঁচের দেওয়াল ছাড়াই সরাসরি ভক্তদের সামনে উপস্থিত হয়ে তিনি সকলকে চমকে দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *