ভারতের কারণে ৬২৭ কোটি টাকার লোকসানে ইংল্যান্ড ক্রিকেট!
আর্থিক সংকটের মুখে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)
লন্ডন: বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত সম্প্রচার স্বত্ব থেকে আয়ের পরিমাণ কমে যাওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুদান আটকে যাওয়ার কারণেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসিবির আয়ের একটি বিশাল অংশ নির্ভর করে সফরকারী দলের ওপর। বিশেষ করে ভারতীয় দল ইংল্যান্ড সফরে এলে বোর্ড বিপুল পরিমাণ রাজস্ব আয় করে। কিন্তু ২০২৭ সালে ভারতের কোনো ইংল্যান্ড সফর না থাকায় সেই আয়ে বড় ধরনের ঘাটতির সম্ভাবনা তৈরি হয়েছে। এর পাশাপাশি, ২০২৭ সালের জন্য আইসিসির নির্ধারিত সম্প্রচার স্বত্বের অর্থ আপাতত স্থগিত থাকায় বোর্ডের সংকট আরও ঘনীভূত হয়েছে। যদিও ২০২৫ সালে ইসিবি ১২.৬ মিলিয়ন পাউন্ড পেয়েছিল, তবুও তখন থেকেই বোর্ডের পক্ষ থেকে আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল।
ভারতীয় বাজারের ওপর ইংল্যান্ড ক্রিকেটের গভীর নির্ভরতা রয়েছে। বর্তমানে সোনি পিকচার্সের সঙ্গে ইসিবির ১৮৫ মিলিয়ন পাউন্ড বা প্রায় ২,৩২৩ কোটি টাকার একটি ছয় বছর মেয়াদী চুক্তি রয়েছে, যার মেয়াদ শেষ হবে ২০২৮ সালে। বোর্ডের এই আর্থিক অস্থিরতার প্রভাব সরাসরি পড়তে পারে কাউন্টি ক্রিকেটের ওপরও। বর্তমানে ইংল্যান্ডের ১৮টি কাউন্টি দলের মধ্যে ১০টি দলই লোকসানে রয়েছে। ইসিবির আর্থিক তহবিল থেকে পাওয়া অনুদান কমে গেলে এই ক্লাবগুলো বড় ধরনের বিপাকে পড়বে।
এই পরিস্থিতি মোকাবিলায় ইসিবি ইতিমধ্যে আইসিসির সঙ্গে আলোচনা শুরু করেছে। একইসঙ্গে, ২০২৮ সালের পর সোনির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ইসিবি এই বড় অঙ্কের আর্থিক ক্ষতি কতটা সামাল দিতে পারে।