টালার পাইপ ফেটে জলমগ্ন এলাকা

পাইপলাইন ফেটে জলমগ্ন টালা এলাকা, ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা নিজস্ব প্রতিবেদক, কলকাতা: আজ ভোররাত থেকে পাইপলাইন ফেটে জলমগ্ন হয়ে পড়ল উত্তর কলকাতার টালা স্টেশন ও পোস্ট অফিস সংলগ্ন এলাকা। সকাল হতেই রাস্তার এমন বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, ভোরবেলা থেকেই জল উপচে ঘোষবাগান ও টালা এলাকার রাস্তাঘাট ডুবতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলস্তর বাড়তে থাকে, যা বর্তমানে কোমর সমান পর্যায়ে পৌঁছেছে। জলমগ্ন পরিস্থিতির কারণে এলাকাবাসীর স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। ভুক্তভোগী এক বাসিন্দা বলেন, “সকাল আটটা নাগাদ এই পরিস্থিতি আমাদের নজরে আসে। কাজের জন্য বাইরে বেরনো অসম্ভব হয়ে পড়েছে, খুবই অসুবিধায় রয়েছি।” অপর এক বাসিন্দার অভিযোগ, দীর্ঘ সময় ধরে স্থানীয় বোরো চেয়ারম্যানকে নিকাশি ব্যবস্থা ও পাইপলাইনের সংস্কারের বিষয়ে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলেই এই বিপত্তি। ঘটনার খবর পেয়েই ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুরসভার কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দ্রুত জল সরানোর জন্য কাজ শুরু করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। তবে দীর্ঘদিনের সমস্যার সমাধানে কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *