শিলিগুড়িতে আসছে IIT বা IIM, বড় ঘোষণা মন্ত্রীর!
শিলিগুড়িতে আইআইটি বা আইআইএম প্রতিষ্ঠার উদ্যোগ: জমি চিহ্নিতকরণের কাজ শুরু প্রশাসনের
শিলিগুড়ি: উত্তরবঙ্গে উচ্চশিক্ষার মানচিত্র বদলে দিতে শিলিগুড়িতে আইআইটি (IIT) অথবা আইআইএম (IIM) স্থাপনের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকেই এই প্রকল্পের জন্য উপযুক্ত জমির সন্ধানে নেমেছে প্রশাসন। প্রাথমিকভাবে শিলিগুড়ির মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকে চারটি জমি চিহ্নিত করা হয়েছে।
সম্প্রতি শিলিগুড়ি সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন, রায়গঞ্জ, জলপাইগুড়ি, বালুরঘাট, কালিম্পং এবং আলিপুরদুয়ারের পর এবার শিলিগুড়ির পালা। তিনি বলেন, “শিলিগুড়ি আমাদের সবসময় ভদ্রাসন। তাই এখানে আইআইটি কিংবা আইআইএম-এর মতো কোনো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই তৎপর হয়েছে জেলা প্রশাসন। বিষয়টি নিয়ে রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জয়ের পর এই প্রকল্পের প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। মুখ্যমন্ত্রী ঘোষণার পর প্রশাসনিক স্তরে জমি দেখার কাজ দ্রুত গতিতে চলছে।”
প্রতিমন্ত্রী আরও জানান, চিহ্নিত চারটি জমির সবই একসময় চা বাগানের অন্তর্গত ছিল। এই জমি সংক্রান্ত যাবতীয় তথ্য ইতিমধ্যেই রাজ্য সরকারকে অবহিত করা হয়েছে। জমি নির্বাচন চূড়ান্ত হলেই সরকারিভাবে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।
প্রশাসনিক সূত্রের খবর, প্রকল্পের জন্য উপযুক্ত জমির অবস্থান এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা যাচাই করা হচ্ছে। খুব শীঘ্রই রাজ্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। শিলিগুড়িতে এমন একটি কেন্দ্রীয় মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে তা কেবল উত্তরবঙ্গ নয়, পার্শ্ববর্তী রাজ্য ও প্রতিবেশী দেশগুলোর শিক্ষার্থীদের জন্যও উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।