ভাতারে আট বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ, যুবককে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা

পূর্ব বর্ধমানের ভাতারে আট বছরের এক শিশুকে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার দুপুরে ভাতার থানা এলাকার একটি গ্রামে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের কালীমন্দিরের সামনে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল শিশুটি। অভিযোগ, সেই সময় পাড়ার এক যুবক তাকে কৌশলে পাশের একটি মাঠের বাগানে নিয়ে যায়। সেখানে বেলপাতা পাড়তে গিয়ে এক বৃদ্ধ ঘটনাটি দেখতে পান। তাঁর তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে অভিযুক্তকে আটক করেন এবং ভাতার থানায় খবর দেন। পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

অসুস্থ শিশুটিকে প্রথমে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, প্রতিবেশী ওই বৃদ্ধ সময়মতো ঘটনাটি দেখতে না পেলে শিশুটির প্রাণসংশয় হতে পারত। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ভাতার থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *