রবীন্দ্র সরোবরের উন্নয়নে বিশেষ পরিকল্পনা অগ্নিমিত্রা পালের
রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যায়নের জন্য পরিবেশ ও মৎস্য দফতরের সঙ্গে আলোচনা শুরু করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শীতকালে সরোবরের মাছ মৃত্যুর কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে জলের তলায় থাকা অ্যালগির কারণে মাছের মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। এই সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সরোবরে বিশেষ প্রজাতির ‘গ্রাস কাপ’ মাছ ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরোবরের জীববৈচিত্র্য রক্ষায় একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রজাপতি গার্ডেন তৈরি, যেখানে প্রজাপতিদের পছন্দের ফুলগাছ লাগানো হবে। এছাড়া সরোবরে থাকা সাপ ও কচ্ছপের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরোবরের মাঝের দ্বীপটিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি পরিযায়ী পাখিদের আকৃষ্ট করতে ফেন্সিং তৈরি এবং ফলের গাছ লাগানোর কাজ চলছে, যাতে পাখিরা সেখানে আশ্রয় নিতে পারে।
অন্যদিকে, আসন্ন ছটপুজো উপলক্ষে দক্ষিণ কলকাতায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজোর জন্য এলাকায় ৫০টি কৃত্রিম লেক প্রস্তুত রাখা হয়েছে। রবীন্দ্র সরোবরের পরিবেশগত ভারসাম্য বজায় রেখে এবং স্থানীয়দের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।