ট্রাম্পকে বন্ধু বানাতে কি জনগণের টাকা খরচ করছে মোদী সরকার?
মার্কিন লবিং সংস্থা নিয়োগ নিয়ে রাজনৈতিক বিতর্ক
মার্কিন লবিং সংস্থা নিয়োগের মাধ্যমে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসতেই ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক বজায় রাখতে সরকারি অর্থে লবিং চালানো হচ্ছে, যা অনভিপ্রেত। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের দাবি, করদাতাদের কোটি কোটি টাকা খরচ করে এই ‘বন্ধুত্বের নাটক’ সাজানো হচ্ছে। লবিং সংস্থা ‘এসএইচডব্লিউ পার্টনার্স’ ও ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’-এর মাধ্যমে ভারত সরকার হোয়াইট হাউসের সঙ্গে উচ্চপর্যায়ের ফোনালাপের ব্যবস্থা করেছে বলে মার্কিন নথিপত্রে উল্লেখ রয়েছে।
অন্যদিকে, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিতর্ককে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, ১৯৪৮ সাল থেকেই বাণিজ্যিক ও প্রশাসনিক প্রয়োজনে লবিং সংস্থা নিয়োগ করা একটি প্রচলিত কূটনৈতিক রীতি। তবে একাধিক সাবেক কূটনীতিক ও বিশ্লেষক দুই রাষ্ট্রপ্রধানের যোগাযোগের ক্ষেত্রে এমন লবিংয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, সরকারি স্তরের এমন যোগাযোগের জন্য তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া অস্বাভাবিক। এই ঘটনা এখন দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বড় আলোচনার জন্ম দিয়েছে।