বিয়ের পর ক্যারিয়ার গড়া স্ত্রীর অধিকার, স্বামীর দয়া নয়!

 

উচ্চশিক্ষা ও চাকরি স্ত্রীর অধিকার, ‘অনুগ্রহ’ নয়: বিবাহবিচ্ছেদের মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ঝাড়খণ্ড হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: বিয়ের পর স্ত্রীর উচ্চশিক্ষা ও চাকরি করার বিষয়টিকে স্বামীর ‘উদারতা’ বা ‘অনুগ্রহ’ হিসেবে দেখার কোনো সুযোগ নেই। লিঙ্গভিত্তিক চিরাচরিত ধারণা বা জেন্ডার স্টিরিওটাইপ থেকে বেরিয়ে এসে দাম্পত্য সম্পর্কে সমতার গুরুত্বের ওপর জোর দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগের ভিত্তিতে এক মহিলার বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করে এই পর্যবেক্ষণ দিয়েছেন প্রধান বিচারপতি এমএস সোনক ও বিচারপতি মনোজ প্রসাদের ডিভিশন বেঞ্চ।

ঘটনার সূত্রপাত ২০০৪ সালে, যখন ওই দম্পতির বিবাহ হয়। পরে স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং পণের দাবির অভিযোগ তুলে হিন্দু বিবাহ আইনের ১৩(১)(আইএ) ধারায় বিবাহবিচ্ছেদের আবেদন করেন। স্ত্রীর অভিযোগ, স্বামী তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করেন এবং পরবর্তীকালে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য ৫ লক্ষ টাকা দাবি করে তাঁর ওপর অত্যাচার চালান। ২০১৯ সালে জামশেদপুরের পারিবারিক আদালত এই আবেদন খারিজ করে দিয়েছিল। সেই সময় আদালত স্ত্রীকে ‘অতি উচ্চাকাঙ্ক্ষী’ হিসেবে অভিহিত করে এবং স্ত্রীকে পড়াশোনা ও চাকরি করতে দেওয়ার জন্য স্বামীর ‘উদার মনোভাবের’ প্রশংসা করেছিল।

পারিবারিক আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। হাইকোর্ট পারিবারিক আদালতের পর্যবেক্ষণকে ভুল বলে সাব্যস্ত করেছে। ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছে, বিবাহিত জীবনে স্বামী ও স্ত্রী সমান অংশীদার। একজনের ওপর অন্যজনের কর্তৃত্ব করার কোনো সুযোগ নেই।

আদালত আরও পর্যবেক্ষণ করে, বিয়ের পর উচ্চশিক্ষা বা চাকরি করা একজন মহিলার নিজস্ব অধিকার। স্বামী তাঁকে সেই অনুমতি দিয়েছেন— এমনটা মনে করার কোনো অবকাশ নেই। আদালত বিস্ময় প্রকাশ করে জানায়, বিয়ের পর পুরুষ উচ্চশিক্ষা বা চাকরি করলে তা যেমন স্বাভাবিক ঘটনা হিসেবে গণ্য হয়, মহিলার ক্ষেত্রেও তা সমানভাবে স্বাভাবিক। একে ‘উচ্চাকাঙ্ক্ষী’ তকমা দেওয়া বা অস্বাভাবিক হিসেবে দেখাটা লিঙ্গভিত্তিক বৈষম্যমূলক মানসিকতার বহিঃপ্রকাশ।

ডিভিশন বেঞ্চের মতে, দাম্পত্য সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান ও সমতা। লিঙ্গভিত্তিক চিরাচরিত ধারণার বশবর্তী হয়ে বিচার করা অনুচিত। শেষ পর্যন্ত পারিবারিক আদালতের আগের রায় খারিজ করে, স্বামীর নিষ্ঠুরতার অভিযোগের ভিত্তিতে ওই দম্পতির বিবাহবিচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *