কেতুগ্রামে ২১ ফুটের কালীপ্রতিমায় পুজো, জনশ্রুতিতে জড়িয়ে সাতশ বছরের ঐতিহ্য
কেতুগ্রাম: ঐতিহ্য ও রীতি মেনে সম্পন্ন হল ভৃগুরামের প্রবর্তিত কালীপুজো। বর্তমানে তাঁর বংশধররাই এই পুজো পরিচালনার দায়িত্বে রয়েছেন। প্রায় ২১ ফুট উচ্চতার কালীপ্রতিমার পুজো ঘিরে এ বছরও লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে এলাকায়।
জনশ্রুতি অনুযায়ী, প্রায় সাতশ বছর আগে বহুলা পীঠ থেকে ভৃগুরাম এই অঞ্চলে এসে শ্মশানে আস্তানা গেড়েছিলেন। লোককথা অনুসারে, তিনি প্রতিদিন কালীমূর্তি তৈরি করে পুজো শেষে তা বিসর্জন দিতেন। পরে স্বপ্নাদেশ পেয়ে তিনি সুবিশাল প্রতিমা তৈরির রীতি প্রচলন করেন। সেই ঐতিহ্য মেনেই আজও প্রায় ২১ ফুট উচ্চতার কালীমূর্তি তৈরি করে পুজো করা হয়।
পুজোর নিয়মকানুন ও ব্যবস্থাপনা প্রসঙ্গে ভট্টাচার্য পরিবারের সদস্য অনুপ কুমার ভট্টাচার্য জানান, বংশপরম্পরায় তাঁদের পরিবারই এই পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান পালন করে আসছে। আজও এই পুজোয় বলিদান প্রথা প্রচলিত রয়েছে।
এবারের পুজো ঘিরে এলাকায় উৎসবের আমেজ ছিল। আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা, পুলিশ প্রশাসন ও পঞ্চায়েতের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন হয়েছে।