কালীপুজোর রাতে সরশুনায় গুলির শব্দ, আতঙ্কে কাঁপছে এলাকা!
সরশুনায় কালীপুজোর মণ্ডপে গুলি, ধৃত ১
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: সরশুনার রক্ষিতপাড়ায় কালীপুজোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চালানোর ঘটনায় রাজ পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের সঙ্গে দীনেশ শর্মা গোষ্ঠীর দীর্ঘদিনের বিবাদ ছিল। পুজোর রাতে মদ্যপ অবস্থায় মণ্ডপে গিয়ে রাজ দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে একটি কার্তুজের খোল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রাজের বিরুদ্ধে তোলাবাজি ও মারপিটসহ একাধিক অভিযোগ রয়েছে। জেরায় সে দীনেশকে ভয় দেখানোর কথা স্বীকার করেছে। ধৃতের থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনার নেপথ্যে অন্য কোনো বড় উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা ও গুলি চালানোর ধারায় মামলা রুজু করা হয়েছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।