ঠাকুরদার সম্পত্তিতে নাতির জন্মগত অধিকার নেই, জানাল সুপ্রিম কোর্ট
হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬-র ধারা ৮ অনুযায়ী, ঠাকুরদার থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তিতে নাতির কোনো জন্মগত অধিকার নেই বলে স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ঠাকুরদার সম্পত্তি যখন তাঁর আইনি উত্তরাধিকারীদের মধ্যে আইনত বণ্টিত হয়ে যায়, তখন সেই সম্পত্তির একক মালিক হন তাঁর সন্তানেরা। ফলে সেই সম্পত্তিতে নাতির কোনো দাবি গ্রাহ্য নয়।
ঘটনার সূত্রপাত ১৯৯৭ সালে, যখন এন রামকৃষ্ণ নামে এক ব্যক্তির নাতি তাঁর বাবার মাধ্যমে আদালতে মামলা করে ১,৮১১ স্কোয়ারফুট আয়তনের ওই সম্পত্তির অর্ধাংশ দাবি করেন। মামলাকারীর যুক্তি ছিল, সম্পত্তিটি তাঁর ঠাকুরদার হওয়ায় তাতে বাবার পাশাপাশি তাঁরও জন্মগত অধিকার রয়েছে। ১৯৯৭ সালে সম্পত্তিটি বিক্রি করার পর এই বিবাদ আরও জটিল আকার ধারণ করে। প্রাথমিক পর্যায়ে হাইকোর্ট এই মামলায় রায় দিয়েছিল যে, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির একক মালিক হন সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ বাবা, সেখানে ছেলের কোনো জন্মগত অধিকার থাকে না।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আবেদনকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ই বহাল রাখে। আদালত স্পষ্ট করেছে, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের ধারা ৮ অনুযায়ী, কোনো হিন্দু ব্যক্তি মারা গেলে তাঁর সম্পত্তি প্রথম শ্রেণির উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হয়। এই তালিকায় পুত্র অন্তর্ভুক্ত থাকলেও, জীবিত পুত্রের পুত্র বা নাতিকে অন্তর্ভুক্ত করা হয়নি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, এন রামকৃষ্ণের মৃত্যুর পর তাঁর সম্পত্তি আইন অনুযায়ী সন্তানদের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল। ফলে আবেদনকারীর বাবা ওই সম্পত্তির একচ্ছত্র মালিক হিসেবেই গণ্য হবেন এবং এই পরিস্থিতিতে নাতি সম্পত্তির দাবি করতে পারেন না।