পরাজয় মানেই জীবন শেষ নয়, এবার অভিনয়ের ময়দানে কামব্যাক করতে চান সায়ন্তিকা
২০২৬-এর বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে পরাজয়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী তথা প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক দিন জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী থাকলেও, সুস্থ হয়েই নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে মুখ খুলেছেন তিনি। নির্বাচনের এই ফল তাঁর কাছে কিছুটা অনাকাঙ্ক্ষিত হলেও, হার মেনে দমে যেতে নারাজ এই তারকা। তাঁর মতে, মানুষের প্রত্যাশা হয়তো আরও বেশি ছিল, যা তিনি পূরণ করতে পারেননি; তবে প্রচেষ্টায় কোনও খামতি ছিল না।
রাজনীতি বনাম অভিনয়: কোন পথে সায়ন্তিকা?
ভোটের ফলপ্রকাশের পর সায়ন্তিকার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। বিশেষ করে রাজ চক্রবর্তী বা দেবের মতো সহকর্মীরা যখন রাজনীতি থেকে দূরত্ব তৈরির ইঙ্গিত দিয়েছেন, তখন সায়ন্তিকার অবস্থান কী হবে, তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। তবে এখনই রাজনীতির ময়দান পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা সরাসরি বলেননি তিনি। সায়ন্তিকা জানিয়েছেন, আপতত তিনি নিজের আদি পেশা অর্থাৎ অভিনয়েই মনোনিবেশ করতে চান। দীর্ঘ সময় রাজনৈতিক ব্যস্ততার কারণে নিজের শরীরচর্চা এবং গ্ল্যামার দুনিয়ার প্রস্তুতিতে যে ঘাটতি তৈরি হয়েছে, তা দ্রুত মিটিয়ে পুনরায় ক্যামেরার সামনে দাঁড়াতে তিনি মরিয়া।
জনমতকে সম্মান ও আগামীর পরিকল্পনা
বরাহনগরের নতুন বিধায়ক সজল ঘোষের জয় নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি সায়ন্তিকা। তিনি স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষ যাঁকে পছন্দ করেছেন, সেই রায়কে তিনি সম্মান করেন। জীবনের এই মোড়কে দাঁড়িয়ে তাঁর উপলব্ধি, রাজনৈতিক হার মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। বরং যে অভিনয় জগতের হাত ধরে তাঁর পরিচিতি তৈরি হয়েছিল, সেই চেনা জমিতেই নিজেকে নতুন করে প্রমাণ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। শারীরিক গঠন ঠিক করা থেকে শুরু করে নতুন চিত্রনাট্য বেছে নেওয়া— সব মিলিয়ে বড়পর্দায় সায়ন্তিকার রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষা এখন সময়ের অপেক্ষা মাত্র।