স্বচ্ছতা অভিযানে রেকর্ড আয় ভারতীয় রেলের, এক মাসে ৬২৮ কোটি টাকার স্ক্র্যাপ বিক্রি
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে এক বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হয়েছে। এই সময়ের মধ্যে রেলের বিভিন্ন জোনাল অফিস, ডিভিশন, প্রোডাকশন ইউনিট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে ১ লক্ষেরও বেশি পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে জমে থাকা অপ্রয়োজনীয় সামগ্রী ও বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
অভিযানের ফলে রেলের প্রায় ৬ লক্ষ ২০ হাজার বর্গফুট বা ১৪ একরেরও বেশি জায়গা দখলমুক্ত হয়েছে। স্ক্র্যাপ বা পুরোনো লোহালক্কড় বিক্রির মাধ্যমে রেল ৬২৮ কোটি টাকা আয় করেছে। পাশাপাশি, ইলেকট্রনিক বর্জ্য বা ই-ওয়েস্ট ব্যবস্থাপনার মাধ্যমে আরও ১০.৪৩ কোটি টাকা আয় হয়েছে। এই প্রক্রিয়ায় প্রায় ১.৫ লক্ষ ইউনিট ইলেকট্রনিক বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন করা হয়েছে।
স্বচ্ছতা অভিযানের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও পরামর্শ শোনার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। গত ২২ অক্টোবর দেশজুড়ে ৫৮৮৪টি স্থানে ‘রেল জন সংবাদ’ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে যাত্রীরা সরাসরি রেল আধিকারিকদের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পেয়েছেন। রেলের দাবি, এই অভিযানের ফলে কাজের গতি বৃদ্ধির পাশাপাশি পরিকাঠামোগত অনেক সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হয়েছে।