৫০০ ও ২০০০ টাকার নোট বাতিলের দাবি জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু
দুর্নীতি ও কালো টাকার কারবার রুখতে ৫০০ ও ২০০০ টাকার নোট পুরোপুরি বাতিল করার জন্য কেন্দ্রের কাছে জোরালো দাবি জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তাঁর মতে, বড় অঙ্কের এই নোটগুলিই দুর্নীতির প্রধান উৎস। এই নোটগুলি বাতিল করে ডিজিটাল লেনদেন ও প্রযুক্তিচালিত সুশাসনের ওপর জোর দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন।
চন্দ্রবাবু নায়ডুর যুক্তি অনুযায়ী, বড় নোটের ব্যবহার কমিয়ে বাজারে শুধুমাত্র ১০০ ও ২০০ টাকার নোট রাখা উচিত। তাঁর দাবি, ডিজিটাল কারেন্সি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এর ফলে একদিকে যেমন দুর্নীতির জাল ছিন্ন করা যাবে, অন্যদিকে দারিদ্র দূরীকরণের প্রক্রিয়াও দ্রুততর হবে। তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি আগেও নিজের মতামত ব্যক্ত করেছিলেন এবং ভবিষ্যতেও এই দাবি জানিয়ে যাবেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর দেশজুড়ে নোটবন্দির ঘোষণা করা হয়েছিল। সেই সময় জাল টাকা ও কালো টাকার কারবার বন্ধ করতে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট তুলে নিয়ে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে আনা হয়। পরবর্তীতে ২০২৩ সালের মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট তুলে নেওয়ার নির্দেশিকা জারি করে। তবে নোটবন্দির ১০ বছর পূর্তির প্রাক্কালে এনডিএ শরিক চন্দ্রবাবু নায়ডুর এই নতুন দাবি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।