দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১। এই ভাইরাসের স্পাইক প্রোটিনে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা মানব কোষে দ্রুত প্রবেশ করতে সাহায্য করে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ জার্সি, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, মিসৌরি, ওকলাহোমা, কলোরাডো এবং ফ্লোরিডাতে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত হয়েছে। কানাডার অন্টারিওর জিনোমিক প্রতিবেদন অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ্যে সংগৃহীত নমুনার ২৫.২ শতাংশ ছিল এই ভ্যারিয়েন্ট, যা আগের চার সপ্তাহে ছিল ১৬.৯ শতাংশ। অর্থাৎ মাত্র ১৬ দিনে এর সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

পিজে.২.১ ভ্যারিয়েন্টের উপসর্গগুলো অনেকটা সাধারণ ফ্লু বা সর্দি-কাশির মতোই। জ্বর, কাঁপুনি, কাশি, গলা ব্যথা, মাথাব্যথা, পেশিতে ব্যথা এবং ক্লান্তি এর প্রধান লক্ষণ। অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট বা ঘ্রাণ ও স্বাদের পরিবর্তনও দেখা দিতে পারে। কোভিড এবং ইনফ্লুয়েঞ্জার লক্ষণ প্রায় একই হওয়ায় উপসর্গ দেখে রোগ নির্ণয় করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, এই ভ্যারিয়েন্টটি অতীতের তুলনায় আরও বেশি গুরুতর অসুস্থতা সৃষ্টি করছে, এমন কোনো জোরালো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে সংস্থাটি এই ভ্যারিয়েন্টের ওপর কড়া নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, শারীরিক সমস্যা দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া যত্রতত্র ওষুধ সেবন বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *