সুপ্রিম কোর্টে DA মামলার পরবর্তী শুনানি কবে, জানুন লেটেস্ট আপডেট!
পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে ৬ মে পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতে রাজ্য সরকার একটি হলফনামা পেশ করে জানায়, প্রথম দফায় প্রায় ৬ হাজার কোটি টাকা বকেয়া ডিএ ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। তবে বাকি ডিএ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতের কাছে বাড়তি সময়ের আবেদন জানানো হয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, বর্তমান আর্থিক পরিস্থিতি ও প্রশাসনিক জটিলতার কারণে ডিএ প্রদানের প্রক্রিয়া ধীরগতিতে চলছে। বিশেষত, ২০১৬ সালের আগের কর্মীদের তথ্য ডিজিটালাইজেশন এবং পুরনো পেনশনভোগীদের হিসেব মেলানোর কাজের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। এছাড়া, ডিএ সংক্রান্ত বিশেষ পোর্টালটি পুরোপুরি কার্যকর করতেও সময় লাগছে। আইনজীবী কপিল সিব্বল আদালতে জানিয়েছেন, কেন্দ্রীয় কমিটির সুপারিশ মেনে কাজ চলছে এবং এপ্রিলের শেষ দিকে পরবর্তী রিপোর্ট জমা দেওয়া হবে। আগামী ৬ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত এবং কোনো সংশ্লিষ্ট পক্ষের আপত্তি থাকলে তা হলফনামার মাধ্যমে জানানোর সুযোগ দেওয়া হয়েছে।