অনুমতিহীন স্টল ভাঙার মামলায় APDR-এর রিট পিটিশন খারিজ করল কলকাতা হাইকোর্ট
একটি অস্থায়ী বইয়ের স্টল তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল এপিডিআর (APDR)। সংগঠনের দাবি, সেই আবেদনের কোনো উত্তর না মেলায় তারা স্টলটি তৈরি করে। কিন্তু ১৭ অক্টোবর স্টলটি তৈরির দুদিন পর ১৯ অক্টোবর সেটি ভেঙে দেওয়া হয়। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে সংগঠনটি।
বিচারপতি ঋষাদ মেদোরার পর্যবেক্ষণ, কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও তার উত্তর না পাওয়া মানেই অনুমতি পাওয়া নয়। কর্তৃপক্ষের নীরবতাকে অনুমোদন হিসেবে ধরে নিয়ে কোনো নির্মাণ কাজ করা যায় না। অনুমতি ছাড়া স্টল তৈরির ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে হাইকোর্টের রিট এক্তিয়ারে আসার কোনো ভিত্তি নেই বলে আদালত স্পষ্ট জানিয়েছে।
রাজ্যের তরফে জানানো হয়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই স্টলটি তৈরি করা হয়েছিল। তাই স্টল ভাঙার অভিযোগের ভিত্তিতে আবেদন বিবেচনার কোনো যুক্তি নেই। আদালতের পর্যবেক্ষণ, আবেদনকারীর এমন কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়নি যার ভিত্তিতে এই রিট পিটিশন গ্রহণ করা যায়। তবে স্টল ভাঙার ঘটনায় অন্য কোনো আইনি প্রতিকার পাওয়ার সুযোগ এপিডিআর-এর সামনে খোলা রয়েছে।
সব পক্ষের সওয়াল শোনার পর কলকাতা হাইকোর্ট এপিডিআর-এর দায়ের করা রিট পিটিশনটি খারিজ করে দিয়েছে। এই মামলায় কোনো পক্ষের উপরেই খরচের দায় চাপানো হয়নি। শুনানিতে এপিডিআর-এর পক্ষে আইনজীবী দেবাঙ্গনা দে ও ভাস্কর রায় এবং রাজ্যের পক্ষে আইনজীবী পীযূষ চতুর্বেদী, নীলাঞ্জন চট্টোপাধ্যায়, অনিন্দ্য বসু ও ইন্দ্রদীপ পাল উপস্থিত ছিলেন।