দুর্ঘটনার ক্ষতিপূরণ নির্ধারণে আধার কার্ড নয়, ময়নাতদন্তের রিপোর্টই চূড়ান্ত: মধ্যপ্রদেশ হাইকোর্ট
২০১৯ সালে মধ্যপ্রদেশে এক সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। মোটর অ্যাক্সিডেন্টস ক্লেম ট্রাইব্যুনাল আধার কার্ডের তথ্যের ভিত্তিতে কিশোরের বয়স ১৪ বছর ধরে বিমা সংস্থাকে ৫.৪৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল। তবে মৃতের পরিবার আরও বেশি ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়।
হাইকোর্টে শুনানির সময় বিমা সংস্থার আইনজীবীরা দাবি করেন, ক্ষতিপূরণ নির্ধারণে আধার কার্ডের চেয়ে ময়নাতদন্তের রিপোর্টকে গুরুত্ব দেওয়া উচিত। ময়নাতদন্তের রিপোর্টে কিশোরের বয়স ১৩ বছর উল্লেখ ছিল, যা আধার কার্ডের তথ্যের চেয়ে এক বছর কম। এই যুক্তির প্রেক্ষিতে বিচারপতি অমিত শেঠের একক বেঞ্চ জানায়, ময়নাতদন্তের সময় চিকিৎসকরা শারীরিক বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক দিক খতিয়ে দেখে বয়স নির্ধারণ করেন।
বিচারপতি তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট করেন যে, বয়সের নিখুঁত প্রমাণ হিসেবে আধার কার্ডের তুলনায় ময়নাতদন্তের রিপোর্ট অনেক বেশি নির্ভরযোগ্য। আদালতের এই রায়ের ফলে ভবিষ্যতে দুর্ঘটনাজনিত বিমার ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে নথিপত্র মূল্যায়নের ক্ষেত্রে নতুন আইনি নজির তৈরি হলো।