কানপুরে লাইনচ্যুত চৌরি চৌরা এক্সপ্রেসের চারটি বগি, বড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা
কানপুর সেন্ট্রাল স্টেশনে বুধবার বিকেলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল চৌরি চৌরা এক্সপ্রেস। কানপুর আনোয়ারগঞ্জ থেকে গোরক্ষপুরগামী ১৫০০৩ নম্বর ট্রেনটি বিকেল ৫টা ৩ মিনিটে কানপুর সেন্ট্রাল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। এরপর বিকেল ৫টা ৭ মিনিট নাগাদ স্টেশন ছাড়ার সময় ট্রেনের চারটি এসি কামরা—বি৪, বি৫, বি৬ এবং বি৭ হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটির গতি অত্যন্ত কম থাকায় বড় ধরনের প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
রেল ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাইনচ্যুত হওয়া ওই চারটি কামরায় প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সকলেই অক্ষত রয়েছেন। খবর পাওয়ার পরই রেলের নিরাপত্তা বিভাগ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কানপুর সেন্ট্রালের ডেপুটি চিফ ট্রাফিক ম্যানেজার অক্ষাংশু গোভিল এবং ডিসিপি সত্যজিৎ গুপ্ত জানিয়েছেন, যাত্রীরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।
ঠিক কী কারণে জনবহুল স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হলো, তা খতিয়ে দেখতে রেলের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। রেলের টেকনিক্যাল টিম লাইন ও সিগন্যালিং ব্যবস্থার খুঁটিনাটি পরীক্ষা করছে। উল্লেখ্য, একই দিনে সকালে অসমের দিগারু স্টেশনের কাছে কলকাতা থেকে মিজোরামগামী সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়, যেখানে সাতজন যাত্রী আহত হয়েছিলেন। একদিনে দেশের দুই প্রান্তে জোড়া ট্রেন দুর্ঘটনার ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।