শান্তিপুরে বামাকালীর বিসর্জন নৃত্যে বিপত্তি, ভেঙে গেল ঐতিহ্যবাহী নাচের বাঁশের সাং

শান্তিপুরে বামাকালীর ঐতিহ্যবাহী বিসর্জন নৃত্য ঘিরে এবার তৈরি হলো বিপত্তি। প্রতি বছর বড়বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অন্ধকার করে পূর্বমুখী করে দেবীকে নাচানোর রীতি থাকলেও, এবার প্রশাসনের নির্দেশে আলো জ্বালিয়ে উল্টো দিকে মুখ করে নাচ শুরু করা হয়। এই রদবদলের ফলে নাচের সময় বাঁশের সাং ভেঙে যাওয়ায় বিপত্তি ঘটে। এর ফলে দীর্ঘদিনের প্রথা ভেঙে মাত্র দেড়-দু মিনিটের মধ্যেই বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয় বামাকালীকে।

পুজো কমিটির সভাপতি সুপেন্দ্র চৌধুরী ও সম্পাদক অনুপ সরকার জানিয়েছেন, প্রতি বছর এই বিশেষ নাচের জন্য ভক্তদের ঢল নামে। এবার প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষের সমাগমের প্রত্যাশা থাকলেও বাস্তবে ভিড় এক লক্ষ ছাড়িয়ে যায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ আধিকারিক ও পুলিশ সুপার। রীতির পরিবর্তনই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণ বলে মনে করছেন আয়োজকরা।

ঐতিহ্যবাহী নাচের এমন পরিস্থিতির জন্য পুজো কমিটির কর্তারা ভক্তদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিয়েছেন। যদিও এই ঘটনায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। চলতি বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী বছর থেকে পুনরায় পুরনো রীতিনীতি মেনেই পুজো ও বিসর্জন নৃত্য সম্পন্ন হবে বলে উদ্যোক্তারা আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *