দিগারুতে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, বাতিল ও সংক্ষিপ্ত একাধিক ট্রেনের যাত্রাপথ
দিগারু স্টেশনের কাছে কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ায় রেল পরিষেবা ব্যাহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার জেরে উত্তর-পূর্ব সীমান্ত রেলের একাধিক ট্রেনের সময়সূচি ও যাত্রাপথে পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য কাটিহার, কিশানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, লামডিং ও বদরপুর সহ মোট আটটি জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।
রেল সূত্রে খবর, গুয়াহাটি-হাইবরগাঁও ডিএমইউ ট্রেনটি এদিন বাতিল করা হয়েছে। এছাড়া নিউ আলিপুরদুয়ার জংশন-মরিয়ানি জংশনের মধ্যে চলাচলকারী ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেনটি এখন শুধুমাত্র কামাখ্যা পর্যন্তই যাতায়াত করবে। পাশাপাশি ১২০৬৭ গুয়াহাটি-জোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস পানবাড়ি পর্যন্ত এবং ১৫৬২৭ কোয়েম্বাটোর-শিলচর এক্সপ্রেস পানিখাইটি পর্যন্ত চলাচল করবে বলে জানানো হয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য রেলের তরফে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আটকে পড়া যাত্রীদের জন্য পানীয় জল ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর ব্যবস্থাও করা হয়েছে। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।