ভিসা নিয়মে বড় বদল আনল কেন্দ্র, সহজ করা হলো আবেদন প্রক্রিয়া

বিদেশি নাগরিকদের জন্য ভিসা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন নিয়মে ভিসার সাব-ক্যাটাগরির সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে। পাশাপাশি আবেদনপত্রও অনেক সহজ করা হয়েছে, যেখানে প্রয়োজনীয় তথ্যের ক্ষেত্র ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, আন্তর্জাতিক মানদণ্ড মেনে ভিসা পাওয়ার প্রক্রিয়াকে আরও দ্রুত ও সুবিধাজনক করে তোলা। ২০২৬ সালের শেষের দিকে এই নতুন কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসার নাম বদলে করা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এটি ভি-১ এবং ভি-২ এই দুই ভাগে বিভক্ত। ভি-১ ভিসা ৩০ দিনের জন্য এবং ভি-২ ভিসা দীর্ঘমেয়াদি সফরের জন্য প্রযোজ্য। এছাড়া মেডিক্যাল ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষ চিকিৎসার জন্য এম-৩ ভিসা চালু করা হয়েছে। রোগীর সঙ্গীদের জন্য এম-২ ও এম-৪ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে, যা বারবার নতুন করে আবেদনের ঝামেলা কমাবে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য স্টুডেন্ট ভিসাকে এস-১ ও এস-২ ভাগে ভাগ করা হয়েছে। এস-১ স্কুল ও স্নাতক স্তরের জন্য এবং এস-২ পিএইচডি বা গবেষণার জন্য নির্ধারিত। বিজনেস ভিসাকেও বি-১ ও বি-২ ভাগে ভাগ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি ব্যবসা বা স্বল্পমেয়াদি কনফারেন্স ও শুটিংয়ের জন্য আলাদা সুবিধা দেবে। এছাড়া ১৭২টি দেশের নাগরিকরা ই-ভিসার সুবিধা পাবেন। সব মিলিয়ে বিজনেস, কূটনৈতিক, কর্ম, সাংবাদিক, মেডিক্যাল, অফিসিয়াল, স্টুডেন্ট, ভিজিটর ও মিসলেনিয়াস—এই ৯টি মূল বিভাগে নতুন ভিসা কাঠামো সাজানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *