দুধ ও দুগ্ধজাত পণ্যের প্যাকেটে বাধ্যতামূলক নতুন লোগো, নির্দেশিকা জারি করল FSSAI
খাঁটি দুধ ও দুগ্ধজাত সামগ্রী শনাক্তকরণে গ্রাহকদের সুবিধার্থে বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা FSSAI। কেন্দ্রীয় সংস্থার নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২০২৮ সালের ১ জুলাই থেকে সমস্ত প্যাকেটজাত দুধ এবং দুধের উপাদানযুক্ত মিশ্র খাদ্যপণ্যের মোড়কে একটি নির্দিষ্ট নকশার লোগো থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম কার্যকর হলে বাজারে বিক্রীত যে কোনো পণ্যে দুধের উপস্থিতি থাকলে তার প্যাকেজিংয়ে এই লোগো ব্যবহার করতে হবে।
নতুন এই লোগোর নকশা চূড়ান্ত করেছে FSSAI। নীল রঙের বর্গাকার বাক্সের ঠিক মাঝখানে সাদা রঙের একটি দুধের ফোঁটার চিহ্ন থাকবে। প্যাকেটের আয়তন অনুযায়ী লোগোর ন্যূনতম আকারও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ৬ থেকে ১০০ বর্গ সেন্টিমিটারের প্যাকেটে ৬ মিমি, ১০০ থেকে ৫০০ বর্গ সেন্টিমিটারে ৮ মিমি, ৫০০ থেকে ২৫০০ বর্গ সেন্টিমিটারে ১২ মিমি এবং ২৫০০ বর্গ সেন্টিমিটারের বেশি আয়তনের প্যাকেটে অন্তত ১৬ মিমি মাপের লোগো ব্যবহার করতে হবে। সংস্থাগুলি চাইলে এর চেয়ে বড় লোগো ব্যবহার করতে পারবে, তবে নির্ধারিত ন্যূনতম মাপের চেয়ে ছোট লোগো ব্যবহার করা যাবে না।
উল্লেখ্য, এই সংক্রান্ত খসড়া প্রস্তাবটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জনসমক্ষে আনা হয়েছিল। সাধারণ মানুষের মতামত ও পরামর্শ গ্রহণের পর গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে FSSAI চূড়ান্ত নির্দেশিকা জারি করে, যা ৯ নভেম্বর ২০২৬ তারিখে ‘গেজেট অফ ইন্ডিয়া’-তে প্রকাশিত হয়। দীর্ঘ প্রস্তুতির পর ২০২৮ সালের ১ জুলাই থেকে এই নিয়ম সারাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে।