শীতের দুপুরে পাতে থাকুক দক্ষিণী স্বাদের চিকেন ভর্তা, জেনে নিন সহজ রেসিপি
বাঙালি ভোজনরসিকদের কাছে চিকেন কষা বা মাংসের ঝোল অত্যন্ত পরিচিত পদ। তবে রোজকার একঘেয়ে স্বাদের বাইরে গিয়ে যারা নতুন কিছু ট্রাই করতে চান, তাদের জন্য দক্ষিণী স্টাইলের চিকেন ভর্তা হতে পারে সেরা বিকল্প। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এই ঝাল ঝাল পদটি দারুণ জমে ওঠে। খুব কম উপকরণে এবং সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করা যায় এই সুস্বাদু রেসিপিটি।
এই পদটি তৈরির জন্য প্রয়োজন ৩০০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস, আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, তেঁতুলের কাথ, কারিপাতা, শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি, ঘি ও সাদা তেল। প্রথমে আদা-রসুন বাটা, নুন ও গোলমরিচ দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ মাংস ঠান্ডা হলে ভালো করে থেঁতো করে মেখে রাখা জরুরি।
কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে তাতে জিরে, তেজপাতা, কারিপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এরপর থেঁতো করা মাংস, কাঁচালঙ্কা ও গরম মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে তেঁতুলের কাথ, ধনেপাতা কুচি, নুন ও সামান্য চিনি মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। সবশেষে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ভিন্ন স্বাদের চিকেন ভর্তা।