অমিতাভ বচ্চনের ‘জলসা’ ও মুম্বই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, ইমেলে নাম জড়াল খালিস্তানি সংগঠনের
মুম্বইয়ের একাধিক হাই-প্রোফাইল স্থান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছে। এই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বইয়ের মেয়রের দফতর, আদালত, ব্যাঙ্ক, মহালক্ষ্মী রেসকোর্স এবং বৃহন্মুম্বই পুরনিগমের দফতর। ইমেলটিতে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ নামে স্বাক্ষর করা হয়েছে। বিশেষ করে বিমানবন্দরে রাত ৯টা ১১ মিনিটে বিস্ফোরণ এবং অমিতাভ বচ্চনের বাংলোতে গাড়ি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
হুমকিবার্তা পাওয়ার পরই মুম্বই পুলিশের বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড এবং নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট স্থানগুলিতে নিবিড় তল্লাশি চালায়। তবে প্রাথমিকভাবে কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরকের সন্ধান মেলেনি। ইমেলের উৎস এবং প্রেরকের পরিচয় শনাক্ত করতে সাইবার সেল তদন্ত শুরু করেছে। যদিও ইমেলে নির্দিষ্ট সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে, তবে এর নেপথ্যে কোনো জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি গোয়েন্দা বাহিনী।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবরও অমিতাভ বচ্চনের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এছাড়া গায়ক দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানেও হামলার আশঙ্কা প্রকাশ করা হয়। একের পর এক এমন হুমকির জেরে গত ১ নভেম্বর ভক্তদের সঙ্গে দেখা করার সময় অমিতাভ বচ্চন নিজের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। তিনি একটি উঁচু মঞ্চে স্বচ্ছ বুলেটপ্রুফ ঢালের আড়ালে দাঁড়িয়ে ভক্তদের অভিবাদন জানান। বারবার আসা এই ধরনের হুমকি মুম্বইয়ের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।