অন্ধ্রপ্রদেশে ১৮,৭৫০ কোটি টাকা বিনিয়োগে কিয়ার দ্বিতীয় কারখানা
ভারতের অটোমোবাইল বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারী সংস্থা কিয়া অন্ধ্রপ্রদেশে দ্বিতীয় কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই মেগা প্রকল্পে প্রায় ১৮,৭৫০ কোটি টাকা বা ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। মূল সংস্থার পাশাপাশি সহযোগী সংস্থাগুলোও এই বিনিয়োগ প্রক্রিয়ায় অংশীদার হচ্ছে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে ৪৬৫ একর জমির ওপর এই নতুন কারখানাটি গড়ে তোলা হবে।
নতুন এই প্ল্যান্টে স্ট্যাম্পিং, ওয়েল্ডিং, পেন্টিং এবং অ্যাসেম্বলির মতো সমস্ত কাজ একই চত্বরে সম্পন্ন হবে। এর পাশেই সহযোগী সংস্থাগুলোর জন্য পৃথক জোন তৈরি করা হবে। ২০৩০ সালের শুরুর দিক থেকে এই কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে এখান থেকে বছরে প্রায় ২ লাখ গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভারতে কিয়ার মোট বার্ষিক উৎপাদন ক্ষমতা ৪.৩ লক্ষ থেকে বেড়ে ৬.৩ লক্ষে পৌঁছাবে।
অনন্তপুরের এই কারখানা থেকে উৎপাদিত গাড়ি দেশের বাজারের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১২,০০০ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। কিয়া ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জোয়ানগু লি জানিয়েছেন, ভারতের বাজার সংস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নতুন এই কারখানা থেকে ঠিক কোন মডেলের গাড়ি তৈরি হবে, সে বিষয়ে সংস্থা এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।