ডিসেম্বরে কালিম্পংয়ে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, প্রকাশ্যে বিয়ের কার্ড

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির বাইরের এক পাত্র সিদ্ধার্থ দত্তের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। যদিও এই বিষয়ে অভিনেত্রী বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি, তবে ঘনিষ্ঠ মহলে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর।

সূত্রের খবর, আগামী নভেম্বরে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন হবে। এরপর ডিসেম্বরে কালিম্পংয়ের পাহাড়ি আবহে জমকালো বিয়ের অনুষ্ঠান হবে। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে হবু বর সিদ্ধার্থের সঙ্গে মিমিকে দেখা গিয়েছিল। টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধু ও অতিথিদের কাছে বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছাতে শুরু করেছে।

সামনে আসা বিয়ের কার্ডটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এই কার্ডের বিশেষত্ব হলো, এতে মিমির প্রিয় তিন পোষ্য সারমেয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে মিমি তাই পাহাড়ের কোলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পাহাড়ি বিয়ের পর কলকাতায় ফিরে একটি জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টির আয়োজন করা হতে পারে বলেও শোনা যাচ্ছে। এখন শুধু মিমির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *