জঙ্গলমহলের উন্নয়নে ১২০০ কোটির বরাদ্দ, বাঁকুড়ায় বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
বাঁকুড়ার জনসভা থেকে পশ্চিমাঞ্চল উন্নয়ন খাতে ১২০০ কোটি টাকার বিপুল বরাদ্দের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এই বিশাল অঙ্কের অর্থ জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। জনসভায় নিজেকে রাজ্যের প্রশাসনিক প্রধানের গণ্ডি থেকে সরিয়ে রেখে তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, বরং পরিবারের একজন আত্মীয় বা কুটুম হিসেবেই তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে শুভেন্দু জানান, বাঁকুড়া জেলায় নতুন করে ২ লক্ষ ৯৫ হাজার ৮২টি পাকা বাড়ি নির্মাণ করা হবে। পাশাপাশি, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার মাধ্যমে খাদ্যশস্য সরবরাহ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’-র আওতায় দেশের ৩৮ হাজার হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হবে। এছাড়া বাঁকুড়ায় একটি নতুন আদিবাসী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জায়গা চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
জঙ্গলমহলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কড়া বার্তা দিয়ে তিনি জানান, পাহাড় বা জঙ্গলের ক্ষতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এলাকায় অবৈধ বালি খাদান বন্ধ করার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে সেগুলোকে বৈধ করার সরকারি প্রক্রিয়ার কথাও তিনি উল্লেখ করেন। ফ্ল্যাটবাড়িতে বসে থাকা নেতাদের সমালোচনা করে জঙ্গলমহলবাসীকে নিজেদের অধিকার ও উন্নয়নের স্বার্থে সোচ্চার হওয়ার আহ্বান জানান শুভেন্দু অধিকারী। ১২০০ কোটি টাকার এই মেগা বরাদ্দ পশ্চিমাঞ্চলের চেহারা বদলে দেবে বলে আশা করা হচ্ছে।