বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর মতো শক্তি দেশে নেই: বিপ্লব কুমার দেব
আসন্ন নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করার লক্ষ্যে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এই সভায় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং কর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সভায় রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জেলার প্রভারী রতন ঘোষ, জেলা সভাপতি প্রসেনজিৎ ঘোষ এবং সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাসসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বিরোধী দলগুলিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি দাবি করেন, বর্তমানে দেশে বিজেপিকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো শক্তি নেই। কংগ্রেস ও বামপন্থীদের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, বিরোধীদের কাছে উন্নয়ন কিংবা জনস্বার্থের কোনো ইতিবাচক কর্মসূচি নেই। বিজেপি নেতৃত্বের সমালোচনা করাই তাদের প্রধান রাজনৈতিক কাজ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সাংসদ আরও বলেন, ২০১৮ সালে ত্রিপুরার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন। আগামী নির্বাচনেও তার পুনরাবৃত্তি ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করতেই এই সভার আয়োজন করা হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।