দুর্গাপুরে ওটিপি ছাড়াই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও ১.৯০ লক্ষ টাকা

দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের জয়দেব এলাকার এক ব্যবসায়ী সাইবার প্রতারণার শিকার হয়েছেন। জয়পাল রাম নামে ওই ব্যবসায়ীর দাবি, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো ওটিপি ছাড়াই মোট ১ লক্ষ ৯০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। দীর্ঘদিনের জমানো এই টাকা মূলত তাঁর ছেলের পড়াশোনা ও ভবিষ্যতের জন্য সঞ্চয় করেছিলেন তিনি।

অভিযোগ অনুযায়ী, গত ৬ অক্টোবর ওই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে প্রথম দফায় ৯৭ হাজার টাকা তুলে নেওয়া হয়। এরপর ৭ অক্টোবর বিকেলে আরও দু’দফায় ৬৯ হাজার ও ২৪ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়। পরপর টাকা কেটে নেওয়ার বিষয়টি নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, তিনি কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেননি এবং তাঁর ফোনে কোনো ওটিপিও আসেনি। এই ঘটনার পর তিনি দ্রুত স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন এবং সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছেন। কীভাবে এই প্রতারণা ঘটল, তা নিয়ে ধন্দে রয়েছেন ব্যবসায়ী ও তাঁর পরিবার।

বর্তমানে খোয়া যাওয়া টাকা উদ্ধারের আশায় প্রশাসন ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দিকে তাকিয়ে রয়েছেন জয়পালবাবু। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *