অসুস্থতার কারণে গাড়িতে বসেই ভার্চুয়ালি জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার আলিপুর আদালতে হাজিরা দেন। সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশ মেনে তিনি আদালতে পৌঁছালেও শারীরিক অসুস্থতার কারণে দোতলায় উঠতে পারেননি। তাঁর আইনজীবী আদালতে মেডিক্যাল রিপোর্ট জমা দিয়ে জানান, পার্থবাবু গুরুতর অসুস্থ এবং তাঁর একাধিক কোমরবিডিটি রয়েছে। ভবনে লিফট না থাকায় সিঁড়ি দিয়ে ওপরে ওঠা তাঁর পক্ষে অসম্ভব বলে জানানো হয়।
পরিস্থিতি বিবেচনা করে বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে আদালতের বাইরে নিজের গাড়িতে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেওয়ার বিশেষ অনুমতি দেন। এরপর ভার্চুয়ালি জামিনের আবেদন জানালে আদালত ৭,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। আইনি প্রক্রিয়া শেষে আইনজীবীর উপস্থিতিতেই জামিনের নির্দেশ কার্যকর করা হয়।
জামিন পেলেও প্রাক্তন মন্ত্রীর ওপর বেশ কিছু কড়া শর্ত আরোপ করেছে আদালত। চিকিৎসা সংক্রান্ত জরুরি কারণ ছাড়া তিনি পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না এবং তাঁকে নিজের পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। এছাড়া মামলার চার্জ গঠনের দিন তাঁকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করার পাশাপাশি সাক্ষীদের কোনোভাবেই প্রভাবিত বা হুমকি দেওয়া যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।