বায়ুদূষণ থেকে বাঁচতে N95 নাকি N99 মাস্ক, কোনটি বেশি কার্যকর?

বায়ুদূষণের হাত থেকে ফুসফুসকে সুরক্ষিত রাখতে মাস্কের ব্যবহার অত্যন্ত জরুরি। বাজারে থাকা N95 এবং N99 মাস্ক মূলত রেসপিরেটর শ্রেণির মাস্ক, যা বাতাসের ক্ষুদ্র কণা আটকানোর জন্য তৈরি। এখানে ‘N’ অক্ষরটি তেলজাতীয় কণার বিরুদ্ধে মাস্কের অকার্যকারিতা নির্দেশ করে এবং সংখ্যাগুলো ফিল্টার করার ক্ষমতা বোঝায়। N95 মাস্ক বাতাসের অন্তত ৯৫ শতাংশ এবং N99 মাস্ক ৯৯ শতাংশ কণা আটকাতে সক্ষম। তবে এই কার্যকারিতা মূলত পরীক্ষাগারের নির্দিষ্ট পরিস্থিতিতে যাচাই করা হয়।

মাস্কের সুরক্ষা অনেকাংশেই নির্ভর করে সেটি মুখের সঙ্গে কতটা ভালোভাবে ফিট হয়ে থাকছে তার ওপর। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা NCDC-র মতে, বায়ুদূষণের সংস্পর্শে থাকার ক্ষেত্রে ডিসপোজেবল N95 এবং N99 মাস্ক কার্যকর বিকল্প। সাধারণ মানুষের জন্য সঠিকভাবে তৈরি ও মুখে ভালোভাবে বসে এমন একটি N95 মাস্কই দূষণ থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো কাজ করে। দীর্ঘক্ষণ বাইরে থাকলে এমন মাস্ক বেছে নেওয়া উচিত যা মুখের সঙ্গে ফাঁক না রেখে ভালোভাবে আটকে থাকে।

অন্যদিকে, সাধারণ কাপড়ের মাস্ক বা সার্জিক্যাল মাস্ক দূষণ থেকে খুব একটা সুরক্ষা দেয় না। কাপড়ের মাস্ক PM2.5-এর মতো সূক্ষ্ম কণা আটকাতে সক্ষম নয়। সার্জিক্যাল মাস্ক মূলত ড্রপলেট আটকানোর জন্য তৈরি এবং এগুলি মুখে ঢিলেঢালাভাবে বসে, ফলে পাশের ফাঁক দিয়ে দূষিত বাতাস ভেতরে ঢুকে পড়তে পারে। তাই দূষণের হাত থেকে ফুসফুসকে সুরক্ষিত রাখতে সাধারণ মাস্কের বদলে নির্ভরযোগ্য N95 মাস্ক ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *