পৌরাণিক কাহিনি ও লোকবিশ্বাসে ছটপুজোর উৎস ও তাৎপর্য
বিহারের প্রধান সাংস্কৃতিক উৎসব ছটপুজোর শিকড় জড়িয়ে রয়েছে সুপ্রাচীন রামায়ণ ও মহাভারতের যুগে। লোকবিশ্বাস অনুযায়ী, মহাভারতের অন্যতম চরিত্র সূর্যপুত্র কর্ণ প্রথম এই ব্রত প্রচলন করেছিলেন। অঙ্গ দেশের রাজা হিসেবে কর্ণ প্রতিদিন কোমর সমান জলে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতেন। প্রচলিত বিশ্বাস, বর্তমান বিহারের ভাগলপুর ও মুঙ্গের অঞ্চল অর্থাৎ তৎকালীন অঙ্গ দেশেই তিনি প্রজাদের মধ্যে সূর্য উপাসনাকে জনপ্রিয় করে তুলেছিলেন। আজও ভাগলপুরের কর্ণগড়কে এই উৎসবের অন্যতম উৎপত্তিস্থল হিসেবে গণ্য করা হয়।
পৌরাণিক কাহিনি অনুসারে, রামায়ণ যুগে বনবাস থেকে ফেরার পর শ্রীরামচন্দ্র ও মাতা সীতা কার্তিক মাসের শুক্লপক্ষে সূর্যদেবের আরাধনা করেছিলেন। বিশ্বাস করা হয়, মাতা সীতার সেই বিশেষ উপাসনাই পরবর্তীকালে ছটপুজো হিসেবে প্রচলিত হয়েছে। অন্যদিকে, মহাভারতের কাহিনি অনুযায়ী, পাণ্ডবরা যখন জতুগৃহের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়ে বনে আশ্রয় নিয়েছিলেন, তখন দ্রৌপদী সূর্যদেবকে প্রসন্ন করতে এই ব্রত পালন করেছিলেন। দ্রৌপদীর নিষ্ঠায় তুষ্ট হয়ে সূর্যদেব তাঁকে ‘অক্ষয় পাত্র’ প্রদান করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে।
প্রাচীন অঙ্গ দেশ, মিথিলা ও মগধ অঞ্চল নিয়ে গঠিত আজকের বিহারে সূর্য উপাসনার দীর্ঘ ইতিহাস রয়েছে। বিহারের ঔরঙ্গাবাদে অবস্থিত প্রাচীন ‘দেব সূর্য মন্দির’ এই উৎসবের অন্যতম প্রধান তীর্থকেন্দ্র। ঐতিহাসিক ও পুরাণবিদদের মতে, এই মন্দিরটি রাজা কর্ণ নির্মাণ করেছিলেন। ছটপুজো কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি প্রকৃতি ও শক্তির উৎস সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক সুপ্রাচীন ঐতিহ্য, যা বিহারের মাটি থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে।