পাকিস্তান সফর নিয়ে বিদেশ মন্ত্রকের বার্তার পর জল্পনা, যুবদের জন্য নতুন প্রতিযোগিতার ঘোষণা ভগবন্ত মানের

আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের লাহোরে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক বিশ্ব পাঞ্জাবি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি কেন্দ্র সরকারের কাছে আনুষ্ঠানিক অনুমোদনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছিলেন। তবে পাকিস্তান সফরের অনুমতি পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিদেশি দেশগুলির সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ভারতের একটি সুনির্দিষ্ট জাতীয় নীতি রয়েছে, যা সকলের মেনে চলা উচিত। তিনি স্পষ্ট করেছেন যে, কোনো বিশিষ্ট ব্যক্তির বিদেশ সফরের রাজনৈতিক ছাড়পত্র দেওয়ার আগে মন্ত্রক সমস্ত দিক খতিয়ে দেখে। পাশাপাশি, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে পাকিস্তানের প্রতি ভারতের কঠোর কূটনৈতিক অবস্থানের কথাও স্মরণ করিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক।

এই কূটনৈতিক জল্পনার মধ্যেই শনিবার চণ্ডীগড়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের যুব প্রজন্মের জন্য ‘পাঞ্জাব দা কোটিপতি’ প্রতিযোগিতার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ১৫ থেকে ৩০ বছর বয়সি যুবকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ‘পাঞ্জাব, পাঞ্জাবি এবং পাঞ্জাবিয়াত’ বিষয়ের ওপর ভিত্তি করে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একদিকে পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা এবং অন্যদিকে এই মেগা প্রতিযোগিতার ঘোষণা ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *