যাত্রী ভোগান্তি কমাতে রাজ্যে নামছে ৪৩৫টি নতুন বাস
রাজ্যে গণপরিবহণ ব্যবস্থার মানোন্নয়ন এবং যাত্রী ভোগান্তি কমাতে ৪৩৫টি নতুন বাস নামানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দীর্ঘদিনের পুরনো বাসের সমস্যা এবং পর্যাপ্ত বাসের অভাব মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই বাসগুলি পরিষেবায় যুক্ত হলে শহর ও শহরতলির যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
নতুন বাসের তালিকায় পরিবেশবান্ধব সিএনজি ও ইলেকট্রিক বাসের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মোট ২০৬টি সিএনজি বাসের মধ্যে ৩০টি সাধারণ, ৭৬টি ৫০ আসনবিশিষ্ট এবং ১০০টি ১২ মিটার দৈর্ঘ্যের বাস রয়েছে। পাশাপাশি ১৫২টি শীতাতপ নিয়ন্ত্রিত ইলেকট্রিক বাস নামানো হবে, যার মধ্যে ৩০টি ৯ মিটার এবং ১২২টি ১২ মিটার দৈর্ঘ্যের। এছাড়া ৪০টি মাঝারি মাপের ডিজেল বাস এবং ৩৭টি বিলাসবহুল ভলভো বাসও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
ভলভো বাসগুলির মধ্যে ২৭টি ১২ মিটার দৈর্ঘ্যের, ৬টি ৪৫ আসনবিশিষ্ট এবং ৪টি শয্যাযুক্ত বাস থাকছে। পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থাকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন এই বাসগুলি কোন কোন রুটে চালানো হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সরকারি এই পদক্ষেপের ফলে আগামী দিনে যাত্রী পরিষেবায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।