পানিহাটিতে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু কর্মীর, শুভেন্দুর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক

পানিহাটিতে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে অরূপ সাহা নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনার সূত্রপাত শনিবার রাতে, যখন পানিহাটি ১ নম্বর মণ্ডলের সম্পাদক রুমা সাহা এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ করেন। অভিযোগ, এর জেরে দলেরই একাংশ তাঁকে গালিগালাজ করে। স্ত্রীকে অপমানের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন অরূপ সাহা। গুরুতর জখম অবস্থায় তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।

নিহত অরূপের স্ত্রী রুমা সাহার অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকজনই এই হামলার নেপথ্যে রয়েছে। তিনি জানান, ঘটনার সময় রাজদীপ, রাজা তহশিলদার ও সুরজিৎ বিশ্বাস-সহ বেশ কয়েকজন যুবক তাঁর স্বামীর ওপর চড়াও হয় এবং বুকে ধাক্কা মারে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তাঁকে ও তাঁর স্বামীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে অরূপের মৃত্যু হয়।

এই ঘটনায় পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দলের উত্তর কলকাতা শহরতলির সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন। বিধায়কের দাবি, জেলা সভাপতি নিজের পছন্দমতো লোক নিয়োগ করেছেন, যাদের অধিকাংশই তৃণমূল থেকে আসা। দলের অভ্যন্তরীণ এই কোন্দল ও অরূপ সাহার মৃত্যুর ঘটনায় তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *